রবিবার, ১৭ জুলাই, ২০১১

সাবরিনা


এখন বনসাই জীবনে অভ্যস্ত তুমি
তোমার হাতের তালু ক্রমশ সংকুচিত
ঘামেনা ঠিক আগের মত
যেমন করে একদিন
বকুল ফুলের রূপ গন্ধে
বিভোর তোমার বুক ঘামতো
তারপরও---
চলতি পথে, কাজের ভিড়ে
রোদজানালায় একাকীত্বে--
সেই--
প্রথম প্রেম! প্রথম আবেশ!

সেই যে--
সাবরিনার কচি কলাপাতা মুখ
বেনী দোলানো পিঠের কারুকার্য
তোমায় টেনে নিয়ে যায়
নিস্তব্ধ রাত্রির কানাগলি ভেদ করে
বসন্ত প্রসবিত ধরায়,
সুতোর পর সুতো জড়িয়ে
উড়াও তোমার রঙের ঘুড়ি।

সেই সব দিন সেই সব রাত
সেই যে সাবরিনা,
সেই একটি মুখ প্রসারিত
তোমার বিস্তৃত আকাশ জুড়ে,
উড়ন্ত ফড়িং মন পিপাসায়
খোঁজে বৃষ্টিবিলাস।

এপার ওপার
এক ভাবনায় দিন পার
রাতগুলো একাকার,
সে যে নিখাদ মুখ
সে যে বিষাদভরা সুখ
সে তোমার প্রথম বিস্ময়
সে যে সাবরিনা!




ছবিঃ নিজস্ব এলবাম।


উৎসর্গঃ প্রিয় ব্লগার স্বদেশ হাসনাইন'কে। তার "প্রথম প্রেম" কবিতাটা পড়ার পরপরই এই কবিতা লেখা হয় কিনা।

২টি মন্তব্য: